ভালুকা
সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র, ২৮ ঘণ্টা পর উদ্ধার লাশ

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার নেউরা গাঙের 'ইন্তারঘাট' এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার করা ছাত্রের নাম তানভীর ইসলাম (১৫)। সে উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তানভীর কাতলামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে বাড়ি থেকে বের হয় তানভীর। বেলা ১১টার দিকে কাতলামারী হুতারঘাট এলাকায় নেউরা গাঙে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় পানিতে ঝাঁপ দিয়ে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা তানভীরের উদ্ধারে চেষ্টা চালালেও সন্ধান মেলে না। পরদিন শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ডুবুরিরা।
তানভীরের বড় চাচা বশির উদ্দিন জানিয়েছেন, সমবয়সী কয়েকজনের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তানভীর পানিতে তলিয়ে যায়। আজ দুপুরে সাড়ে তিন কিলোমিটার দূরে মরদেহ ভেসে ওঠে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বললেন, গতকাল দুপুরে পানিতে পড়ে স্কুলছাত্র নিখোঁজের পর ঘটনাস্থল ও তার আশেপাশ এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছিল। আজ সকাল থেকে ময়মনসিংহ ডুবুরি দল ও ভালুকা ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেন। দুপুরে মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



