ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, শিক্ষক বরখাস্ত

বরখাস্ত হওয়া শিক্ষক
ফরিদপুরে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর আজ রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের নিজস্ব পরিচালিত একটি কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত শেষে গত ২৯ অক্টোবর কমিটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর আজ তাকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নজরুল ইসলাম বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগের প্রমাণ পেয়ে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
প্রধান শিক্ষক আরও জানান, ঘটনাটি বিদ্যালয়ের ভেতরে ঘটেনি। ওই শিক্ষকের নিজস্ব পরিচালিত একটি কোচিং সেন্টারে ঘটনাটি ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।



