টেকনাফ
ছেলেদের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে বাবার মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে বসতভিটার ভাগ-বাটোয়ারা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আবুল কাসেম ওরফে লেডু মিস্ত্রি (৫৫) মারা গেছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল কাসেম হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় উলুচামরী এলাকার মৃত আবুল মঞ্জুরের ছেলে। পেশায় তিনি ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার ভাগ-বাটোয়ারা ও জমিসংক্রান্ত বিষয় নিয়ে আবুল কাসেমের দুই ছেলে হারুন অর রশিদ ও মোহাম্মদ নূরের মধ্যে বিরোধ চলছিল। শনিবার হামজারছড়া এলাকায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও ধস্তাধস্তি শুরু হয়। ঝগড়া থামাতে গিয়ে একপর্যায়ে আবুল কাসেম আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হ্নীলার একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেছেন, জমিসংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আবদুল কাসেম আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




