গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা ধরে বন্ধ রেল চলাচল

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে এ পথে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখেই অন্য বগিগুলো নিয়ে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। শিগগিরই শুরু হবে উদ্ধারকাজ।
ওসি আকতার হোসেন জানান, এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে এবং মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এ ছাড়া জামালপুর কমিউটার ট্রেন শ্রীপুরে এবং যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়েছে।




