কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

গ্রেপ্তার ট্রাকচালক
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল বুধবার রাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে। পরে তাকে কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাজহারুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জের চণ্ডীপুর গ্রামের মো. সৈয়দ গাজীর ছেলে। তিনি কনফিডেন্স সিমেন্টের ট্রাকচালক ছিলেন।
গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি ট্রাকের ধাক্কায় এসআই মিজানুর রহমান ও কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) নিহত হন। ওই সময় পুলিশের সদস্যরা রাতের টহল শেষে থানায় ফিরছিলেন। পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা।
পুলিশের ভাষ্য, দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। ট্রাকটি থামাতে এগিয়ে গিয়ে পুলিশের আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে গত বুধবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় কনফিডেন্স সিমেন্ট কারখানা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি জব্দ করে কালীগঞ্জ থানা-পুলিশ। একই অভিযানে ট্রাকের হেলপার রাজু শেখকেও গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ট্রাকচালককে থানায় নিয়ে আসতে দুই পুলিশ কর্মকর্তা পিরোজপুরে গেছেন।



