বিএনপি করে আওয়ামী লীগের মতো কথা বলা যাবে না : জহির উদ্দিন স্বপন

বক্তব্য দিচ্ছেন জহির উদ্দিন স্বপন এমপি
‘দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন।’ দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
আজ রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণেই ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করতে হবে। দলের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না।’
পুলিশ ও সিভিল প্রশাসনসহ বুদ্ধিজীবীরা সরকারের ডাকে সাড়া দিয়েছেন উল্লেখ করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন। গোপালগঞ্জে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।’
আগৈলঝাড়া বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম, মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাত বিশ্বাস।




