কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

সংগৃহীত ছবি
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা।
শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় ঘটেছে এ ঘটনা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ২ জন পুরুষ, ৪ জন নারীসহ মোট ৮ জনকে নদী পার করে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বিজিবির টহলদল।
তিনি আরও জানান, পরে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথে পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।




