রায়পুরায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের পাশে জাকাত ফাউন্ডেশন

ছবি: আগামীর সময়
নরসিংদীর রায়পুরায় ১০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে প্রতিটি পরিবারকে ৬০ কেজি চাল ও ৫ লিটার করে ভোজ্যতেল দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংস্থার ‘ফুড সিকিউরিটি: নারিশিং ফ্যামিলিস-গ্লোবাল রাইস ডিস্ট্রিবিউশন, বাংলাদেশ ২০২৬’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী জান্নাতুল হক শাপলা। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান খোকন, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন, প্রজেক্ট অফিসার মোহাম্মদ ফয়সাল মন্ডল এবং ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ নাইম জামাদ্দার।
আয়োজকেরা জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারগুলোর দৈনন্দিন খাদ্যের চাহিদা পূরণে সহায়তা করা এবং পারিবারিক ব্যয়ের চাপ কমানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা ২০০৭ সাল থেকে বাংলাদেশে খাদ্যনিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এতিম শিশুদের সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জরুরি মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।



