বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটায় উদ্ধার

সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম
বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সুশান্ত সরকার।
ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় তাকে শেষবার দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে রিকশায় যান। তার সর্বশেষ অবস্থান ছিল আলেকান্দা ও আমতলা এলাকায়।
এরপর বৃহস্পতিবার কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান উপ কমিশনার সুশান্ত সরকার।
উদ্ধারের বিষয়টি তিনি নিশ্চিত করলেও বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের উপ কমিশনার সুশান্ত সরকার।




