পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড!

গ্রাফিকস: আগামীর সময়
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির পাউরুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীর পাউরুটিতে এটি দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে প্রথম শিফটের ছুটির পর শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল ফিডিংয়ের পাউরুটি নিয়ে বাড়ি ফেরে। পাউরুটি খেতে গিয়ে সে তার ভেতরে ব্লেড দেখতে পায়। পরে শিশুটির পরিবারের সদস্যরা পাউরুটিসহ বিদ্যালয়ে হাজির হন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ রায় বলেন, মিম আক্তারের অভিভাবক পাউরুটি নিয়ে এসে ব্লেড পাওয়ার অভিযোগ করেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি পাউরুটিটি অফিসে নিয়ে যেতে বলেন। সে অনুযায়ী তিনি সেটি শিক্ষা কার্যালয়ে নিয়ে যান। তিনি আরও জানান, অন্য শিক্ষার্থীদের প্যাকেটে এমন কিছু পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন জানান, খবর পেয়ে পাউরুটিটি সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্য জানতে প্রধান শিক্ষক সুফিয়া বেগমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
পঞ্চগড়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসডিও-র স্কুল ফিডিং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, এটা একটা সাজানো ঘটনা। এখন অভিযোগকারী অভিভাবক আপোষ করতে চাইছেন।
শিশুদের খাবারে এমন বিপজ্জনক বস্তু পাওয়ার ঘটনায় স্কুল ফিডিংয়ের খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছেন স্থানীয়রা।



