কুমিল্লায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৩ অক্টোবর) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর উত্তরপাড়া ইছামতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর গ্রামে তার খালার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। অপর নিহত শিশু হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির কাউসার মিয়ার ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও নিহতদের স্বজনরা জানান, শনিবার জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পুকুরে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ও স্বজনরা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত দুই শিশুকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল সাংবাদিকদের জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর কারণে শিশুদের পরিবার থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি।




