খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু খেয়ে প্রাণ গেল ২ শিশুর

প্রতীকী ছবি
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার রাতে পাগলা থানার এসআই আনোয়ার হোসেন মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— ওই গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা একটি বড় শ্যাম্পুর বোতল ব্যবহারের পর সেটি আবর্জনা হিসেবে ঘরের এক কোণে রেখে দিয়েছিলেন। গতকাল সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু ওই বোতলটি নিয়ে খেলতে শুরু করে। এ সময় তারা প্লাস্টিকের হাঁড়িপাতিল শ্যাম্পুর ফেনা দিয়ে পরিষ্কার করছিল। খেলার একপর্যায়ে বোতলটিতে পানি ভরে ফেনা তৈরি করে শিশুরা। পরে সেই ফেনাসহ পানি পান করে তারা অসুস্থ হয়ে পড়ে।
স্বজনরা শিশুদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। হুমায়রা ও অন্য শিশুকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অন্য শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
পাগলা থানার এসআই আনোয়ার হোসেন বলেছেন, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে— এমন আশঙ্কায় পরিবারের কেউ বিষয়টি থানায় জানাননি। রাত ১১টার দিকে সংবাদকর্মীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।



