বিএনপি নেতার বাড়িতে যুবলীগ নেতাদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৪

গ্রেপ্তার ৪ যুবলীগ নেতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতা ও আগুনসন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের বাড়িতে গোপন বৈঠক করছিলেন তারা। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষা পুকুরপাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে শনিবার রাতে লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া দেশের ভেতরে ও বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণও পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার নেতৃত্বে গ্রেপ্তার ব্যক্তিরা প্রায়ই ওই বাড়িতে মিলিত হতেন এবং সরকারবিরোধী ঝটিকা মিছিল করতেন। কয়েক দিন আগে ওই বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করা হয়। সেই অনুষ্ঠানের ছবি ফেসবুকে প্রকাশ করা হয়েছিল।
গ্রেপ্তার নিশাদ বলেন, ‘আমি পোশাকশ্রমিক। মুন্না ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মিছিলে নিয়ে যেত। কয়েক দিন আগে ওই বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা এবং আরেক ভাই রাসেল সাংবাদিক হওয়ায় বাড়িটি নিরাপদ মনে করে ইতিপূর্বে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।’



