ঝালকাঠির রাজাপুর
ইউনিয়ন বিভক্তির প্রস্তাব ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ছবি: আগামীর সময়
ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের কর্মসূচি ঘোষণায় জননিরাপত্তার স্বার্থে গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরীর স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে। একই এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন।
প্রশাসনের আদেশে গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ, মাইক ও শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নির্ধারিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল, সভা এবং লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, একই এলাকায় পক্ষে-বিপক্ষে দুটি পক্ষ মানববন্ধনের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।




