রাঙ্গাবালী
মাছ ধরার ট্রলারে বজ্রপাত, প্রাণ গেল দুই জেলের

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জেলে।
আজ রবিবার বিকেলে উপজেলার চরতুফানিয়া ও চরহেয়ার মধ্যবর্তী বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন যুগিরহাওলা গ্রামের ইমন খাঁ (২২) ও শাকিব শিকদার (২৩)।
স্থানীয়রা জানান, পাঁচ জেলে ট্রলার নোঙর করে বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ট্রলারে থাকা সবাই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙ্গাবালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি মো. সাইদুল প্যাদা চিকিৎসকদের বরাতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, নিহত ও আহতদের স্বজনদের পাশে দাঁড়াতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।






