নিষেধাজ্ঞার মধ্যে বরিশালে অভিযান, ৩৫ লাখ টাকার মাছ জব্দ

ছবি: আগামীর সময়
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এ সময় প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি পাঁচ জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বুধবার ভোরে নগরীর দপদপিয়া ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক জেলেরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইছদিয়া গ্রামের আলম শরীফের ছেলে কামাল, বিল্লাল মল্লিকের ছেলে পারভেজ, কাউখালী গ্রামের মোস্তাফার ছেলে সোহেল, আলতাফ সিকদারের ছেলে হিরণ এবং মতলব হাওলাদারের ছেলে বাইতুল।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
তার ভাষ্য, এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রলার তল্লাশি করে ৩৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দ করা মাছ বরিশাল জেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। আটক জেলেদের মুচলেকা নিয়ে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন আবুল কাশেম।






