সিরাজগঞ্জে সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। এদিন সিরাজগঞ্জ শহরে অবস্থিত দলটির জেলা কার্যালয়েও আগুন দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে প্রথমে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এবং সন্ধ্যায় শহরের এসএস রোড এলাকায় সাবেক সংসদ সদস্য মিল্লাতের বাড়িতে আগুন দেওয়া হয়। আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার আগে কার্যালয়ের নামফলকও ভাঙচুর করা হয়। এদিন রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের আরও কয়েকটি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক সংসদ সদস্য মিল্লাতের বাড়ির সামনে যান। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে প্রথমে দলীয় কার্যালয়ে এবং এরপর মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে গভীর রাতে শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত করতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এতে সারা দেশের মতো সিরাজগঞ্জের মানুষও ক্ষুব্ধ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা ও পরিস্থিতি শান্ত করা হয়েছে।




