পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম মো. সিয়াম। ২৫ বছর বয়সি সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির বাহক (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি সমিতির লিসা (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) নামের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসগুলোতে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে তোলে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর বাহক বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কয়েকজন আরও জানালেন, লিসা বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানিয়েছেন, ভাণ্ডারিয়া একটি ট্রানজিট পয়েন্ট হওয়ায় বাসস্ট্যান্ডের আশপাশে অনেক বাস অবস্থান করে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশপাশের বাসগুলো কালেমা চত্বরে এনে রাখা হয়েছিল। তা সত্ত্বেও সেখানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশের টহল দল তৎপর থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানিয়েছেন, গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে এক হেলপারের মৃত্যু হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




