শ্যামনগরে আলাদা ঘটনায় দুইজনের মৃত্যু

শ্যামনগর থানা। ছবি: আগামীর সময়
সাতক্ষীরার শ্যামনগরে আলাদা ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকার মটেরচক ও শীলতলা গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন মটেরচক গ্রামের মোছা. খায়রুন্নেছা (৪০)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম।
একই দিন সকাল ১০টার দিকে শীলতলা গ্রামে পুকুরে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
তার স্বজনরা জানান, সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি সাফিউল আলম পাটোয়ারীর ভাষ্য,দুটি মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







