সিলেটে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
সিলেট মহানগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানালেন, গত শুক্রবার ভোরে মহানগরীতে মিছিল করে ছাত্রলীগ। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। ওই মামলায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে তিনজন মামলার এজাহারভুক্ত আসামি। অন্যরা সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার।
মনজুরুল আলম আরও জানালেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন, সুবাস চন্দ্র দাস (৩২), মো. শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব (২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল।
তারা সিলেট মহানগরী ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী বলেও জানায় পুলিশ।
গত শুক্রবার ভোর ৬টা ১০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের প্রধান সড়ক থেকে শুরু করে টিবি গেইট, পূর্ব শাহী ঈদগাহ হয়ে শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত যায় মিছিলটি। পুলিশের তথ্য অনুযায়ী, মিছিলে সংগঠনটির ২৫ থেকে ৩০ নেতাকর্মী অংশ নেন।




