হারিয়ে গেছে ডাকপিয়নের সাইকেলের ঘণ্টি

ছবি: আগামীর সময়
একসময় রংপুরের কাউনিয়ার হরিশ্বরসহ গ্রামবাংলায় সকাল কিংবা দুপুরের নীরবতা ভেঙে ভেসে আসত সাইকেলের ঘণ্টির শব্দ। কাঁধে ডাকের ব্যাগ ঝুলিয়ে পথে পথে ছুটে বেড়াতেন ডাকপিয়ন। তার আগমনের সঙ্গে জড়িয়ে থাকত মানুষের কৌতূহল ও অপেক্ষা। হয়তো আজ এসেছে প্রিয়জনের চিঠি।
একটি চিঠির জন্য দিনের পর দিন, কখনো মাসের পর মাস অপেক্ষা করতে হতো। দূর শহর কিংবা প্রবাসে থাকা প্রিয়জনের হাতের লেখা কয়েকটি শব্দ পৌঁছাতে সময় লাগলেও সেই অপেক্ষায় মিশে থাকত গভীর মায়া। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টি শুনলেই উঠানে ছুটে আসতেন পরিবারের সদস্যরা। মনে হতো, আজ বুঝি কাঙ্ক্ষিত চিঠিটি এসেছে।
কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামেও একসময় এমন দৃশ্য ছিল খুবই পরিচিত। সাইকেল চালিয়ে ডাকপিয়ন এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছে দিতেন চিঠি, চাকরির নিয়োগপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র কিংবা দূরদেশে থাকা স্বজনের খবর। অনেকের কাছে তার আগমন ছিল আনন্দের বার্তা নিয়ে আসার মতো।
হাতে লেখা চিঠির আনন্দই ছিল আলাদা। পরিচিত মানুষের হাতের লেখা, কাগজে জমে থাকা অনুভূতি আর মনের না-বলা কথাগুলো বারবার পড়েও যেন শেষ হতো না। কেউ কেউ সেই চিঠি বছরের পর বছর যত্ন করে সিন্দুক, আলমারি কিংবা বইয়ের ভাঁজে রেখে দিতেন। সময় পেরিয়ে গেলেও সেসব চিঠি হয়ে উঠত জীবনের মূল্যবান স্মৃতি।
একটি খাম হাতে পাওয়ার পর তা ঘিরে তৈরি হতো ছোট্ট এক উৎসব। কেউ চিঠি কপালে ছুঁইয়ে নিতেন, কেউ বুকের কাছে চেপে ধরতেন। চিঠির ভাঁজ খুললেই যেন দূরত্ব কিছুটা কমে আসত। প্রতিটি অক্ষরে খুঁজে পাওয়া যেত প্রিয় মানুষের মুখ, কণ্ঠস্বর ও স্পর্শ। একই চিঠি বারবার পড়া হতো, কখনো একা, কখনো পরিবারের সবাইকে নিয়ে। কোথাও জমত অশ্রু, কোথাও ফুটে উঠত হাসি।
আজ মুঠোফোন, মেসেঞ্জার ও ভিডিও কলের যুগে সেই দীর্ঘ অপেক্ষা হারিয়ে গেছে। বার্তা পৌঁছে যায় মুহূর্তেই, উত্তরও আসে সঙ্গে সঙ্গে। তবু যেন কমে গেছে অপেক্ষার সেই মধুর ব্যথা এবং হাতে লেখা শব্দের মধ্যে প্রিয়জনকে অনুভব করার গভীরতা। পুরোনো সিন্দুক কিংবা বইয়ের ভাঁজে পাওয়া একটি চিঠি তাই আজও ফিরিয়ে নেয় সেই দিনগুলোর কাছে। কাগজ হলদে হয়ে যায়, কালি ফিকে হয়ে আসে, কিন্তু হাতে লেখা শব্দের উষ্ণতা মুছে যায় না।
সরেজমিনে কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, আগের মতো ব্যক্তিগত চিঠির আনাগোনা নেই। চিঠির জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়ও চোখে পড়ে না। ডাকঘরের কার্যক্রম থাকলেও মানুষের ব্যক্তিগত যোগাযোগের বড় একটি অংশ এখন চলে গেছে ডিজিটাল মাধ্যমের দখলে।
কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের পোস্টমাস্টার মো. জহির উদ্দিন বলেন, ‘একসময় দূরের স্বজনের চিঠির অপেক্ষায় মানুষ পোস্ট অফিসে খোঁজ নিতেন। ডাকপিয়ন এলাকায় গেলে তাকে ঘিরে আনন্দ ও কৌতূহল তৈরি হতো। এখন মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই যোগাযোগ সম্ভব হওয়ায় ব্যক্তিগত চিঠির সংখ্যা অনেক কমে গেছে।’
কাউনিয়ার স্থানীয় ডাককর্মী মো. লিটন মিয়া বলেন, ‘একসময় প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষের কাছে চিঠি পৌঁছে দিতে যেতে হতো। ডাকপিয়নের পরিচিত মুখ ও সাইকেলের ঘণ্টির শব্দ ছিল গ্রামীণ জীবনের স্বাভাবিক অংশ। এখন যোগাযোগের মাধ্যম বদলে যাওয়ায় সেই ব্যস্ততা আর নেই। ডাকপিয়নের কাজের ধরনেও এসেছে বড় পরিবর্তন।’
বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের প্রবীণ আজিজ সরকার বলেন, ‘আগে চিঠির জন্য কত অপেক্ষা করতাম! দূর থেকে ডাকপিয়নকে দেখলেই মনে হতো, আমার চিঠি বুঝি আইছে। চিঠি হাতে পাইলে বাড়ির সবাই মিলে পড়তাম। এখন মোবাইলে সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায়, কিন্তু সেই আনন্দ আর নাই।’
ডাকপিয়ন শুধু চিঠি পৌঁছে দিতেন না; তিনি ছিলেন মানুষের দীর্ঘ অপেক্ষার শেষ ভরসা। তাঁর হাতে আসা ছোট্ট একটি খামে থাকত প্রবাসী সন্তান, দূরের স্বজন কিংবা আপনজনের খবর। তাই ডাকপিয়নের আগমন ছিল অনেক পরিবারের কাছে প্রতীক্ষিত এক মুহূর্ত।
এখন মোবাইল ও ইন্টারনেটের যুগে ব্যক্তিগত চিঠি প্রায় হারিয়ে গেছে। যোগাযোগ হয়েছে দ্রুত, সহজ ও তাৎক্ষণিক। কিন্তু হারিয়ে গেছে অপেক্ষার সেই দিনগুলো, ডাকপিয়নের সাইকেলের ঘণ্টির শব্দ আর একটি চিঠিকে ঘিরে তৈরি হওয়া ছোট ছোট আনন্দ। তবু গ্রামের প্রবীণ মানুষের স্মৃতিতে চিঠির সেই দিনগুলো আজও অমলিন। হলদে হয়ে যাওয়া পুরোনো কাগজের ভাঁজে যেন এখনও লেগে আছে এক সময়ের গ্রামবাংলার ভালোবাসা, অপেক্ষা আর মানুষের সঙ্গে মানুষের গভীর যোগাযোগের গল্প।






