সীমান্ত নিরাপত্তায় জোর, সিলেটে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেটের সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার-ভিডিপির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত এবং কার্যকর হয়েছে।
মো. আশিকউজ্জামান জানিয়েছেন, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বর্তমানে সীমান্তবর্তী জেলা সিলেটে আনসার, ভিডিপি ও টিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আনসার-ভিডিপির মতে, এই উদ্যোগ জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক মো. নাজমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




