উখিয়া
বাঁশঝাড়ে মিলল দুই বন্দুক, ৬ রাউন্ড গুলি

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় একটি বাঁশঝাড় থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক (ওয়ান শুটার গান) ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় অভিযান চালায়। দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে মো. আলমগীরের বাড়ির পেছনের একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক।



