ময়মনসিংহে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: আগামীর সময়
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার ৬ মাস বয়সী এক শিশু গত ১৯ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
এদিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের ১০ মাস বয়সী আরেক শিশু গত ২০ মে হাসপাতালে ভর্তি হয়। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মমেক হাসপাতালের হাম ইউনিটের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু।
তিনি বলেছেন, গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫০৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বর্তমানে হাসপাতালের হাম ইউনিটে ৬২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগও বাড়ছে। চিকিৎসকরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।






