লাকসাম
রেস্তোরাঁয় ঢুকে পড়ল ভেকুবাহী ট্রাক, তিন ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ

ছবি: আগামীর সময়
কুমিল্লার লাকসাম পৌরশহরের উত্তর বাজার চাঁদপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্তোরাঁয় ঢুকে পড়েছে ভেকু বহনকারী দ্রুতগতির একটি ট্রাকলরি। পরে লাকসাম-চাঁদপুর রেলপথের ওপর আটকে যায় ট্রাকলরিটি।
এতে রেলপথ ক্ষতিগ্রস্ত হয়ে চাঁদপুর-লাকসাম রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ কারণে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস নির্ধারিত সময়ের তিন ঘণ্টার বেশি বিলম্বে লাকসাম রেলওয়ে জংশনে পৌঁছায়।
বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই সময় রেস্তোরাঁটি বন্ধ থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নোয়াখালীগামী ভেকু বহনকারী একটি দ্রুতগতির ট্রাকলরি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিল। উত্তর বাজার চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকলরিটি সড়কের পাশে থাকা চট্টলা মেজ্জান নামে একটি রেস্তোরাঁয় ঢুকে পড়ে। একপর্যায়ে সেটি রেলগেটের ওপর গিয়ে আটকে যায়।
দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। দুর্ঘটনায় রেস্তোরাঁটির পাশাপাশি রেলপথও ক্ষতিগ্রস্ত হয়। এতে চাঁদপুর-লাকসাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্ঘটনাকবলিত ট্রাকলরিটি সরিয়ে নেন। রেলপথের সাময়িক সংস্কার শেষে প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া জানিয়েছেন, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসের সকাল ৬টা ২০ মিনিটে লাকসাম জংশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে জংশনে পৌঁছায়। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
হাইওয়ে থানার লাকসাম ক্রসিংয়ের ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে দুর্ঘটনাস্থল রেলওয়ে থানার (জিআরপি) আওতাধীন হওয়ায় তারাই বিষয়টি দেখভাল করছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে।
লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ওসি রাজিব কুমার কর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ট্রাকলরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়ের করা হবে। তবে সংবাদ লেখা পর্যন্ত বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে কোনো মামলা করা হয়নি।



