নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেল শামীম ওসমানকে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে শামীম ওসমান।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতিত ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দেখা মিলেছে সুদূর যুক্তরাষ্ট্রে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভারত, দুবাইয়ের আজমান শহরের এক শপিংমলে তাকে দেখা গিয়েছিল। এবার তার দেখা মিলল যুক্তরাষ্ট্রে।
গত রবিবার ৫ জুলাই প্রবাসী ফটোসাংবাদিক নেহের সিদ্দিকী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শামীম ওসমানের একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে দেখা যায়, নিউইয়র্কের একটি নদীর তীরে দাঁড়িয়ে অত্যন্ত উদাসী ভঙ্গিতে ধূমপান করছেন তিনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি পোস্টে শামীম ওসমানকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও দেখা যায়। ওই ছবিতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ স্থানীয় একাধিক নেতাকর্মীর সঙ্গে ছবি তুলেছেন তিনি। এই ছবি ছড়িয়ে পড়ার পর প্রবাসী ও বাংলাদেশীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীরা। ২৪ আগস্ট ফেসবুকে শামীম ওসমানসহ তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ছড়িয়ে পড়ে। ১৯ জুলাই চাষাড়ার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায়, শামীমের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে একের পর এক গুলি ছুঁড়ছে। শামীমের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুঁড়তে দেখা গেছে।
৫ আগস্টের পর দেশ ছেড়ে পুরো পরিবারসহ পালিয়ে যান শামীম ওসমান। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে চলতি বছরের ১৩ মে।




