হারিয়ে যাওয়া ঠিকানায় ফেরা
মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরলেন এয়াকুব আলী

ছবিঃ আগামীর সময়
দীর্ঘদিন ধরে অচেনা মানুষের ভিড়ে ঘুরে বেড়িয়েছেন মানসিক ভারসাম্যহীন মো. এয়াকুব আলী। কোথায় ঘর, কারা আপন, কিছুই যেন তার জানা ছিল না। অবশেষে মানবিক এক উদ্যোগে তিনি ফিরে গেলেন নিজের ঠিকানায় আপনজনের কাছে।
জানা যায়, শ্যামনগর উপজেলার দক্ষিণ কৈখালী এলাকায় দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন এয়াকুব আলী। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের পরিচয়ও স্পষ্টভাবে জানাতে পারছিলেন না। ফলে স্থানীয়দের জন্যও তার পরিবারের খোঁজ পাওয়া হয়ে উঠেছিল দুষ্কর।
ঠিক এমন সময় মানবিকতার হাত বাড়িয়ে দেয় উপজেলার দক্ষিণ কৈখালী একতা যুব সংঘ। সংগঠনটির সদস্যরা তাকে শুধু আশ্রয়ই দেননি, নিয়মিত খাবার ও দেখভালের ব্যবস্থাও করেন। পাশাপাশি তার পরিচয় জানার জন্য শুরু করেন নিরলস চেষ্টা। কখনো তার সঙ্গে কথা বলে, কখনো তার আচরণ ও কথাবার্তার সূত্র ধরে খুঁজতে থাকেন তার ঠিকানা।
অবশেষে মিলে যায় আশার আলো। তার কাছ থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে যোগাযোগ করা হয় ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। সেখান থেকেই খুঁজে পাওয়া যায় তার পরিবারের সন্ধান।
খবর পেয়ে গত বুধবার (১ এপ্রিল) ছুটে আসেন তার স্বজনরা। দীর্ঘ প্রতীক্ষার পর এক আবেগঘন মুহূর্তে পরিবারের সামনে হাজির হন এয়াকুব আলী। যাচাই-বাছাই শেষে তাকে তার ভাই মো. আয়ুব আলীর কাছে সুস্থভাবে হস্তান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন তার মামা এবং সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান আসাদ, সংগঠনের উপদেষ্টা, স্বেচ্ছাসেবক সদস্য ও স্থানীয় এলাকাবাসী। হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবারের মাঝে নেমে আসে স্বস্তি আর আনন্দের ঢেউ। অনেকের চোখে ছিল অশ্রু, চারপাশে তৈরি হয় এক আবেগময় পরিবেশ—যেন ফিরে পাওয়া মানেই নতুন করে বেঁচে ওঠা।
এ সময় উপস্থিত ছিলেন তার মামা, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান আসাদ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, স্বেচ্ছাসেবক সদস্য এবং স্থানীয় এলাকাবাসী। হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
সংগঠনের সদস্যরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। একজন অসহায় মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও এমন মানবিক কাজে পাশে থাকতে চান।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একটি পরিবারকে স্বস্তি দেয়নি, বরং সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

