খুলনা
বাড়ি থেকে ৫০০ গজ দূরে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
খুলনা নগরীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে নগরীর লবণচরা এলাকার একটি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম শহীদুল ইসলাম কলিন (৩৫)। তিনি একই এলাকার মাহাতাব শেখের ছেলে। নগরীর সোনাডাঙ্গা এলাকায় বসবাস করতেন কলিন। মাঝে মাঝে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার বিকালে কলিন বাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার বাড়ি থেকে বের হন। পরে রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন স্থানীয়রা।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানিয়েছেন, কলিনের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।
নিহত কলিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা আছে বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা।




