মিয়ানমারে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবককে উদ্ধার করল বিজিবি

গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক
মিয়ানমারের অভ্যন্তরে গুলিবিদ্ধ হওয়ার দাবি করা এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ আইয়ুব (২৮)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন হোয়াইক্যং বিওপির ছোটবিল সীমান্ত পোস্টের কাছে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুবকে দেখতে পান বিজিবি সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানিয়েছেন, শুক্রবার মাছ ধরতে গিয়ে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বগারদিয়া এলাকায় যান। সেখানে আরাকান আর্মির সদস্যদের গুলিতে তিনি আহত হন বলে দাবি করেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বললেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ওই রোহিঙ্গা যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।’
ঘটনার পর সীমান্ত এলাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।





