মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

দণ্ড পাওয়া হোসেন গাজী— সংগৃহীত
চাঁদপুরে মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় বাবা মো. মুছাব্বর গাজীকে (৬০) দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হোসেন গাজী আদালতে উপস্থিত ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী গাজী বাড়ির মৃত মুছাব্বর গাজীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, হোসেন গাজী মাদকসেবী ছিলেন। মাদকের টাকা চেয়ে তিনি প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন এবং তাকে মারধর করতেন। মাদকসেবন থেকে বিরত রাখতে তাকে ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করানো হয়। তবে তাতেও কোনো কাজ হয়নি।
২০১৮ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে হোসেন গাজী ঘরে শুয়ে থাকা বাবাকে ধারালো দা দিয়ে মাথায় দুটি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তিনি শয্যা থেকে উঠে গেলে হোসেন আবারও তাকে কোপ দেন। এ সময় হাত দিয়ে ঠেকাতে গেলে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মুছাব্বর গাজীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় তার মৃত্যু হয়।
মামলাটি তদন্ত করেন চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম। তদন্ত শেষে তিনি ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ বলেছেন, মামলাটি চলাকালে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য, মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামির অপরাধ স্বীকারের বিষয় বিবেচনায় নিয়ে বিচারক এ রায় দেন।
আসামিপক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শফিকুর রহমান ভূঁইয়া।







