শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধ ও পানি নিষ্কাশনের নালা নির্মাণকে কেন্দ্র করে সাবানা নামে এক নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে পানি নিষ্কাশনের নালা নির্মাণ নিয়ে বিরোধের জেরে সাবানাকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, মামলায় শুরুতে আসামি ছিলেন ১৪ জন। বিচার চলাকালে তিন আসামির মৃত্যু হয়। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।
হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন নাসির মিয়া, বিলাল মিয়া, গিয়াস মিয়া ও দুলাল মিয়া। তাদের মধ্যে নাসির ও বিলাল আপন ভাই। গিয়াস ও দুলাল নিহত সাবানার সৎভাই।
এ ছাড়া নিহতের মা ও মামলার বাদী মায়া বেগমকে গুরুতর জখম করার দায়ে মহিবুর রহমান অমৃতকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেলিনা বেগমকে আঘাত করার দায়ে জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম, জাভেদ ও নাজমীন বেগমকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
রায় ঘোষণার পর আদালত চত্বরে দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজন ও নিহতের পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখা যায়।



