তালতলী
নিজের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

সংগৃহীত ছবি
বরগুনার তালতলীতে নিজের জমিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে ফসলে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার ফকির (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার ফকির এলাকার সেকান্দার ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার ফকির বাড়ির পাশেই নিজের ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেছিলেন। সকালে তিনি বৈদ্যুতিক মিটার চালু করে ফসলের মাঠে যান। এ সময় নিজের মোটরের সাহায্যে জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শী আবু সালেহ্ জানান, আজাহারকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।




