দেশসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান আনসার মহাপরিচালকের

সংগৃহীত ছবি
সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণে ৬৯২ প্রশিক্ষণার্থীর মধ্যে ৬৫৪ জন অংশগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি হিসেবে নবীন সদস্যদের অভিবাদন জানান মহাপরিচালক এবং কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণে ফায়ারে প্রথম স্থান অর্জন করেন কাজী মো. আবু সাঈদ, ড্রিলে প্রথম স্থান অর্জন করেন মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন মো. সাবিকুর রহমান।
অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, দেশের পাঁচ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কেপিআইয়ের নিরাপত্তায় প্রায় ৫৫ হাজারেরও বেশি অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টা প্রতিহত করাসহ দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিরোধে তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।
আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা তুলে ধরে তিনি জানান, তাদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দীর্ঘদিনের প্রত্যাশিত রেস্ট প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি আবাসন ব্যবস্থার উন্নয়ন, নিজ বিভাগে বদলির সুযোগ এবং রেশন ব্যবস্থার মান বৃদ্ধির মাধ্যমে জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুরষ্ক জেন্ডামেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় একটি দাঙ্গা প্রতিরোধ নিরাপত্তা মহড়া প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



