খুলনা
চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সম্রাট নগরীর দৌলতপুর সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সম্রাট ঢালীসহ আরো দুইজন যুবক চুরির উদ্দেশে খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। ঘটনাটি সেখানে থাকা কয়েকজন নিরাপত্তা প্রহরী টের পান। পরে তাদের তিনজনকে ধাওয়া দেন। ঘটনাস্থল থেকে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফ দেন। এতে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান।
নগরীর খানজাহান আলী থানার ওসি আবুল বাসার বলেন, সম্রাটের বিরুদ্ধে থানায় একটি চুরিসহ আরো মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



