নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সংগৃহীত ছবি
নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন সড়কে এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে হঠাৎ করে কয়েকজন যুবক পৌর এলাকার সামনে জড়ো হন। পরে তারা ব্যানার ও পোস্টার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা হাসিনা সরকারের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। হঠাৎ এ মিছিলকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেছেন, ‘কিছু বহিরাগত ব্যক্তি হঠাৎ ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে যায়। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’




