বিলোনিয়া চেকপোস্ট পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক রবিবার বিকেলে পরশুরামে বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন
ফেনীর পরশুরামের বিলোনিয়ায় ইমিগ্রেশন চেকপোস্ট এবং সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আজ রবিবার বিকেলে হেলিকপ্টারযোগে তিনি পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন। পরে তিনি বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরবর্তী সময়ে তিনি বিলোনিয়ার মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম, পরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে যোগদানের পর নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সফরে আসেন।



