আবু সাঈদের আত্মত্যাগ আন্দোলনে টার্নিং পয়েন্ট তৈরি করেছিল: ত্রাণমন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে টার্নিং পয়েন্ট তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেছেন, ‘স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। তার আত্মত্যাগের এই স্মৃতি আগামী প্রজন্মের মাঝে তাকে বাঁচিয়ে রাখবে।’
আজ শুক্রবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে তরুণ, যুবক, বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মত্যাগের মাধ্যমে দীর্ঘ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন। পরবর্তী সময়ে সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।’
মন্ত্রী জানান, শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে এই গেট নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে যারা বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং এই পথ দিয়ে চলাচল করবেন, তারা গেটটি দেখে আবু সাঈদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবেন।
তিনি আরও বলেন, ‘আবু সাঈদসহ জুলাই আন্দোলনে যারা আত্মদান করেছেন, তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছে। বিএনপি সব স্তরের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করছে।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।



