নয় ইউনিটের চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সকাল সোয়া ১০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সোয়া ১০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
শনিবার দুপুরে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী এ তথ্য জানালেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে আগুন লাগে। এসময় কারখানা এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরবর্তীতে আরও ৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। পরে দুপুর ১টা ৫০মিনিটের দিকে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বললেন, আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
দুই কারখানার শ্রমিকদের হাতাহাতি
এদিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ডিবিএল গ্রুপ ও হলো ডিকে ফ্যাশনের শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন কারখানায় আগুন লাগার পর এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে দুই কারখানার শ্রমিকদের মধ্যে হাতাহাতির কারণ ও এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



