জামালপুরে চার কলেজে ২২ পরীক্ষার্থী, পাস করেননি কেউ

এসএম শিখা মুখলেছুর রহমান কলেজ
জামালপুরে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান চারটির পাসের হার শূন্য শতাংশ।
আজ শনিবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদরের শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ৬ জন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকার এসএম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন চারজন। তাদেরও কেউ পাস করতে পারেননি। গত বছরও এ কলেজের ১০ জন পরীক্ষার্থীর কেউ উত্তীর্ণ হননি। ফলে টানা দুই বছর প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য।
এ ছাড়া মাদারগঞ্জের নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুরের গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নেন। এ দুই প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীও পাস করতে পারেননি।
নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, ‘তাদের প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষকেরা জীবিকা নির্বাহের জন্য অন্য পেশায় যুক্ত থাকায় নিয়মিত পাঠদান সম্ভব হয় না।’ আগামীতে এ পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করবেন তারা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে নিবিড় তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।’



