যুবসমাজের উন্নয়নে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। যুবকদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ বিকাশে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। পাশাপাশি যুবসমাজের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রবিবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দাউদকান্দি উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে থমকে না যায়, সে জন্য দেশে প্রথমবারের মতো স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যুবসমাজের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, ঋণ ও আর্থিক সহায়তা এবং সম্ভাবনাময় খাতে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। এ ছাড়া ‘ইমপ্যাক্ট’প্রকল্প, জাতীয় যুব পুরস্কার ও অনুদান কার্যক্রমের মাধ্যমে যুবকদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেছেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন সংকট মোকাবিলা ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতি গঠনে যুবসমাজকে সংগঠিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তার নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পরিচিতি লাভ করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করতে দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
বিগত সরকারের সময়ে যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও নানা অপরাধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন ড. খন্দকার মারুফ। তিনি বললেন, মাদকদ্রব্যের বিস্তার যুবসমাজকে বিপথে ঠেলে দিয়েছে। এর পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।
মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান বিএনপির এ নেতা।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।



