ভোলায় ৫ নৌপথে বন্ধ লঞ্চ

সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। বিপৎসীমার ওপরে বইছে পানি। এতে মনপুরা-হাকিমুদ্দিনসহ জেলার অভ্যন্তরীণ পাঁচটি নৌপথে বন্ধ রাখা হয়েছে লঞ্চ।
গতকাল মঙ্গলবার সকাল থেকে ভোলার আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে চলছে হালকা থেকে ভারী বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতাসংকেত এবং নৌবন্দরে ১ নম্বর সতর্কতাসংকেত জারি আছে।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান জানালেন, গতকাল সকাল ৬টা পর্যন্ত জেলায় ৩০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি থাকবে আরও কিছু দিন।
সবশেষ পর্যবেক্ষণে তজুমদ্দিন উপজেলায় মেঘনা বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বলে জানালেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান। এতে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও ভাঙনের শঙ্কা।
বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় ভোলা জেলার মনপুরা-হাকিমুদ্দিনসহ অভ্যন্তরীণ ৫টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর-ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজের সন্ধানে বের হলেও বৃষ্টির কারণে ফিরে যাচ্ছেন বাড়িতে। কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন শ্রমজীবী মানুষ।
এদিকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে অর্ধবার্ষিক ও এইচএসসি পরীক্ষা। বৃষ্টির মধ্যে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে
গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।




