গাছের ডালে কাটতে গিয়ে অজ্ঞান যুবক, নামাতে আসলো ফায়ার সার্ভিস
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অজ্ঞান যুবককে গাছ থেকে নামাচ্ছে ফায়ার সার্ভিস
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপরই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে উদ্ধার করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটতে ওঠেন রাসেল। ডাল কাটার একপর্যায়ে হঠাৎ তিনি গাছের ওপরই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় গাছের ডালের সঙ্গে আটকে যান তিনি। স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা সরাইল ফায়ার স্টেশনে খবর দেন।
সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ওই যুবককে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন তারা। বর্তমানে রাসেল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।




