জয়পুরহাট
যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা, গ্রেপ্তার ৪

ছবি: আগামীর সময়
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে হত্যা ও ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।
গ্রেপ্তাররা হলেন হত্যাকাণ্ডের প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে চালক শাখাওয়াতকে ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর ভিকটিমের গামছা দিয়ে রক্ত মুছে সেটি ও ব্যবহৃত শাবলটি ব্রিজের নিচে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে চক্রের অন্য সদস্য আনোয়ারের সহযোগিতায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
ঘটনার পর পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হলে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল, রক্তমাখা গামছা এবং বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়াসহ অধিকতর তদন্ত অব্যাহত।



