পার্বতীপুর শহরে ভাঙারি ব্যবসায়ীর গোডাউনে ডিবির অভিযান, ১১৪ কেজি তার জব্দ

ছবি: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে ‘মেঘনা ট্রেডার্স’ নামের একটি ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের ১১৪ কেজি চোরাই বৈদ্যুতিক তার জব্দ করেছে রংপুর ডিবি পুলিশ। সম্প্রতি বদরগঞ্জের একটি চীনা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া এসব তার উদ্ধারের পাশাপাশি চুরির সাথে জড়িত তিন যুবক ও গোডাউনের মালিককে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। চুরির সাথে জড়িত ও চোরাই মালামাল কেনাবেচায় যুক্ত থাকার অভিযোগে আটক তিনজনের তথ্যেই পার্বতীপুরের ওই গোডাউনে তল্লাশি চালায় ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ এলাকার একটি চীনা প্রতিষ্ঠানের প্রায় এক কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গত ১ আগস্ট ২০২৬ বদরগঞ্জ থানায় একটি মামলা করা হয়, যার নম্বর ০২। তদন্তের ধারাবাহিকতায় রংপুর ডিবি পুলিশ বদরগঞ্জের মোখলেছার, জামাল ও হৃদয় নামের তিন যুবককে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পার্বতীপুরের মেঘনা ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে চোরাই তারসহ অন্যান্য মালামাল জব্দ করে। তল্লাশি অভিযান চলার সময় আটক যুবকদের মধ্য থেকে হৃদয় নামের একজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
রংপুর ডিবি পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী জানান, চুরি এবং চোরাই মালামাল কেনার অভিযোগে আটক তিন যুবকসহ মেঘনা ট্রেডার্সের মালিক মাসুদ পারভেজ ওরফে ‘ভাঙারি মাসুদকে’ আসামি করে বদরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। রংপুর-দিনাজপুর অঞ্চলে মেঘনা ট্রেডার্স ভাঙারি ব্যবসার আড়ালে চোরাই মালামাল কেনাবেচার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে স্থানীয় পুলিশ, ডিবি ও এলাকা সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৩ জুলাই সন্ধ্যায় নারায়নগঞ্জের সিদ্ধেশ্বরী এলাকার মাসুম রানার মালিকানাধীন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৭৫০২) সেটির চালক সোহাগ (৩৩) এই ভাঙারি ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে কেজিপ্রতি ৫০ টাকা দরে মোট ৪ লাখ টাকায় বিক্রি করে দেন। এর দুই দিন পর ২৫ জুলাই রাতে পার্বতীপুরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ড এলাকায় ট্রাকটি কাটার সময় মাসুদ পারভেজের কয়েকজন কর্মচারীকে আটক করে পার্বতীপুর মডেল থানা পুলিশ। সে সময় মাসুদের বাড়ি ও দোকান থেকে ট্রাকের কাটা অংশ জব্দ করা হলেও অলৌকিকভাবে তাকে আসামি করা হয়নি বলে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
সর্বশেষ অভিযান ও চোরাই সিন্ডিকেটের বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ মন্তব্য করেন, মাসুদ পারভেজের গোডাউনে এখনো লক্ষাধিক টাকার অবৈধ মালামাল রয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। বদরগঞ্জ ও পার্বতীপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় ওই গোডাউনটি দ্রুত সিলগালা করার প্রক্রিয়া চলছে। তিনি আরও যোগ করেন, বর্তমান অভিযানে উদ্ধার হওয়া বৈদ্যুতিক তারের মূল উৎস এবং মেঘনা ট্রেডার্সের চোরাই মালামাল কেনাবেচার সামগ্রিক চক্রটি উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত পুরোদমে অব্যাহত রয়েছে।








