স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় সিলেটে যুবককে ছুরি মেরে হত্যা

হৃদয় কুমার হরিজন
সিলেট নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় কুমার হরিজন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। এ সময় হৃদয় এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে আমিন নামের ওই ব্যক্তি মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করলেন, আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছেন। ছবি তোলা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত আমিনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানালেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



