প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ রংপুরে

ছবি: আগামীর সময়
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রংপুর নগরীর অলিগলিসহ পুরো জেলায়। সম্প্রতি সিটি করপোরেশনের উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দের পর রংপুরে প্রধানমন্ত্রীর এই আগমন বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে।
আগামী মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। তার এই সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। প্রধানমন্ত্রীকে বরণ করতে চলছে নানা ধরনের প্রস্তুতিও।
রবিবার দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে সাজসাজ রব বিরাজ করছে। সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক ও রোড ডিভাইডারগুলো ধোয়া-মোছা এবং রং করার কাজ চলছে। ডিভাইডারে লাগানো হচ্ছে ছোট ছোট ফুলের গাছ। ইতিমধ্যে নগরীর প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করে পরিষ্কার করা হয়েছে। নগরীর বিলবোর্ডে শোভা পাচ্ছে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো বিশাল বিশাল ব্যানার।
গানে গানে সম্প্রীতির রংপুরকে তুলে ধরতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর মহানগর ও জেলা শাখা। প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতে সংস্কারকাজ চলছে। বিশেষ করে নগরীর ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত চলমান সংস্কারকাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। কাজগুলো সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের পাশাপাশি ৫১ বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন, প্রধানমন্ত্রী রংপুরের একটি মন্দিরে আসছেন, এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলে কীভাবে শারদীয় উৎসব পালন করা হয়, তিনি তা সরেজমিনে দেখবেন। আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, এটি আমাদের জন্য পরম পাওয়া।
রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। আমরাও আনন্দিত। সম্প্রতি তিনি রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। সম্প্রীতির বার্তা নিয়ে তিনি শারদীয় উৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন।
রাজধানীর বাইরে শারদীয় উৎসব দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর সফরকে বিরল ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ সফর আমাদের রংপুর নগরীকে আলোকিত করবে।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর সফরসূচি সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানযোগে সকাল ১০টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় তিনি রংপুর নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
বেলা সাড়ে ১২টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সামরিক বিমানযোগে রাজশাহী ও পরে চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন।




