রায়পুরা
বাসে পুলিশের তল্লাশি, নারীর কাছে পাওয়া গেল ১৪০ রাউন্ড গুলি

সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী ‘এনা পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তিনি বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপ্না আক্তারকে আটক করা হয়েছে। এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে তিনি এসব গুলি পরিবহন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




