চাঁদপুরে সংস্কারের এক মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ
- চাঁদপুর কারাগার-শাহতলী বাজার সড়ক

সংগৃহীত ছবি
চাঁদপুর জেলা কারাগারের সামনে থেকে শাহতলী বাজার পর্যন্ত সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকা। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে নতুন সড়ক পেয়ে স্বস্তির আশা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। সংস্কার শেষ হওয়ার এক মাস পার না হতেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে পিচ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের যথাযথ মান নিশ্চিত না করার কারণেই এত অল্প সময়ে পিচ উঠে যেতে শুরু করেছে। তাদের দাবি, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি সংস্কারকাজের মান যাচাই করা দরকার। সরকারি ব্যয়ে নির্মিত সড়ক কেন অল্প সময়ের মধ্যে নষ্ট হচ্ছে, তা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তারা।
তাদের ভাষ্য, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকদের নিয়মিত ভোগান্তির মুখে পড়তে হতো।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক ও মিজানুর রহমানের ভাষায়, দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগের শেষ ছিল না। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হতো। সম্প্রতি সংস্কারকাজ শেষ হওয়ায় তারা ভেবেছিলেন, এবার অন্তত দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। কিন্তু কাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে যেতে শুরু করেছে।
তবে সড়কের কয়েকটি স্থানে অবৈধভাবে নির্মিত গতিরোধকের কারণে পিচঢালাইয়ের কাজে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হাত আমিন পাটওয়ারীর ভাষ্য, সড়কের কয়েকটি স্থানে অবৈধভাবে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। এসব কারণে পিচঢালাইয়ের কাজে সমস্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে ঠিকাদারকে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ঠিকাদার মো. আলমগীরও সড়কের কয়েকটি স্থানে সমস্যা হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, সেগুলো চিহ্নিত করে মেরামত করা হচ্ছে।’



