লালমনিরহাট
পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

ছবি: আগামীর সময়
জেলা পরিষদ ও পুলিশ সুপারের কাছে অনুমতি নিয়েও পুলিশি বাধায় পণ্ড হয়েছে লালমনিরহাটের নির্মাণ শ্রমিক ফেডারেশনের সমাবেশ। এতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের পলাশী হোটেলে এ সংবাদ সম্মেলন করেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি জহুরুল হক লিখিত বক্তব্যে বলেন, সংগঠনটির লালমনিরহাট জেলা ও উপজেলার নবগঠিত কমিটির পরিচিতসভা করতে গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তন ভাড়া নেওয়া হয়। সভায় উপস্থিত থাকতে পুলিশ সুপারকে অনুমতিসহ দাওয়াতপত্রও দেওয়া হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির পরিচিতসভা হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে মিলনায়তনে কোনও ধরনের সভা-সমাবেশ না করতে নিষেধাজ্ঞা দেয় পুলিশ।
সংগঠনটির সভাপতি জহুল হক জানান, কেন্দ্রীয়ভাবে আমাদের সংগঠনটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় সারা দেশের সকল শাখা রাজনৈতিক প্রভাবমুক্ত। কিন্তু সরকার দলীয় একটি সংগঠন আমাদের তাদের ব্যানারে আসার দাবি জানালে আমরা অস্বীকৃতি জানাই। এটাই আমাদের কাল হয়ে দাঁড়ায়। তারা হয়তো আমাদের দলে নিতে ব্যর্থ হয়ে পুলিশ দিয়ে সভা পণ্ড করেছে।
সংগঠনটির সম্পাদক শাহজাহান আলী এক প্রশ্নের উত্তরে বলেন, মেহনি মানুষের এ সংগঠনের কাছে ৫ হাজার টাকা ভাড়া নিয়েও সেই মিলনায়নে প্রবেশ করতে দেয়নি প্রশাসন। গরিবের ঘাম ঝরা টাকাও প্রশাসন আত্মসাৎ করল।
জেলা পরিষদ মিলনায়ন ঠিকাদার (পরিচালনার দায়িত্বপ্রাপ্ত) ময়নুল ইসলাম বলেন, নির্মাণ শ্রমিক ফেডারেশনকে মিলনায়ন ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণ শ্রমিক দলের লোকজন এসে বলেছে তারা এ সংগঠনে নেই এবং সভা হলে ঝামেলা হতে পারে। তাই ভাড়াটেদের বলেছি পুলিশের অনুমতি নিতে। তারা অনুমতি না পেয়ে সভা করেনি।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, সমাবেশ করতে জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন হলেও তারা তা করেনি। এ ছাড়াও তাদের সঙ্গে সাংঘর্ষিক অপর একটি সংগঠন একইস্থানে জমায়েত হওয়ার গোপন খবর ছিল। এ কারণে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি।




