চাঁদপুরে ভাড়া বাসায় অভিযান, খাটের নিচ থেকে উদ্ধার ২২ হাজার পিস ইয়াবা

ছবি: পুলিশের সৌজন্যে
চাঁদপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আবুল হাশেমের ভাড়া দেওয়া ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার শোবার ঘরে খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বললেন, অভিযানের বিষয়টি টের পেয়ে ফারহান রানা পালিয়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।



